বরিশালে হোটেলে ৪০০ টাকার জন্য ব্যবসায়ী খুন
অপরাধ

বরিশালে হোটেলে ৪০০ টাকার জন্য ব্যবসায়ী খুন

বরিশাল নগরীর রূপাতলী এলাকার আবাসিক হোটেল স্বাধীনপার্কে মাত্র চারশ টাকা বকেয়া ভাড়ার জন্য খুন করা হয়েছে মাছ ব্যবসায়ী রুবেল খন্দকারকে (৩০)। কথা কাটাকাটির একপর্যায়ে লাঠি দিয়ে পিটিয়ে তাকে খুন করেন হোটেল ম্যানেজার আনিচুর রহমান। মাথায় লাঠির আঘাতের পর শ্বাসরোধ করে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় গ্রেফতার আনিচুর শুক্রবার সকালে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আল ফয়সালের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার সকালে যুগান্তরকে এ তথ্য জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন। আনিচুর সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের ভেদুরিয়া গ্রামের নূর মোহাম্মদ জোমাদ্দারের ছেলে।

মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক বিজয় মন্ডল জানান, ব্যবসার কারণে প্রায় রাতে রুবেল এ হোটেলে অবস্থান করতেন। ঘটনার দিনও মঙ্গলবার দুপুরে তিনি ওই হেটেলের দ্বিতীয়তলার একটি কক্ষ ভাড়া নেন। আনিচুর ভাড়ার ৪০০ টাকা চাইলে তিনি পরে দেবেন বলে জানান। ওইদিন বিকালে রুমে গিয়ে তার কাছে ফের ভাড়ার টাকা চাইলে হোটেল ম্যানেজারের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান রুবেল। এর একপর্যায়ে লাঠি দিয়ে রুবেলের মাথায় আঘাত করেন আনিচুর। এতে রুবেল অজ্ঞান হয়ে গেলে তাকে শ্বাসরোধ করে খুন করা হয়। লাশ হোটেলের রুমে রেখে সন্ধ্যায় স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলে বিষয়টি প্রকাশ্যে আসে।

বিজয় মন্ডল আরও জানান, খবর পেয়ে রাতে হোটেলের ওই রুমে গেলে রুবেলের লাশ পড়ে থাকতে দেখেন। তখনও তার ডান কান থেকে রক্ত ঝরছিল। ডান কানসংলগ্ন মাথায় হালকা আঘাত ও গলায় দুইটি দাগ দেখতে পান। বিষয়টি অস্বাভাবিক হিসাবে চিহ্নিত করে তিনি তদন্ত শুরু করলে ঘটনার রহস্য উন্মোচিত হয়। বৃহস্পতিবার বিকালে রূপাতলী টেম্পোস্ট্যান্ড থেকে আনিচুরকে আটক করা হয়। পরে নিহতের স্ত্রী বিথী আক্তারের করা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে হাজির করা হয় বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। জবানবন্দি শেষে বিচারক তাকে কারাগারে পাঠান।

নিহত রুবেল বাকেরগঞ্জ উপজেলার এলেঞ্চা গ্রামের লতিফ খন্দকারের ছেলে। তিনি ব্যবসার কারণে নগরীর রূপাতলী এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে বসবাস করতেন।