চট্টগ্রামের হাটহাজারীতে আইপিএল খেলায় হার-জিত নিয়ে কথা কাটাকাটির জের ধরে পিটিয়ে মো. ফারুক (৩৭) নামে এক চা দোকানিকে হত্যা করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার রাতে উপজেলার আমান বাজার জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনিতে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহত ফারুকের ছোট বোন জেসমিন আক্তার ও স্থানীয় বাসিন্দা মো. ফয়সাল নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন।
নিহত ফারুক উক্ত কলোনিতে পরিবার-পরিজন নিয়ে ভাড়া থাকেন। পিতার নাম কোরবান আলী ফোকাস বাচ্চু। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়।
ঘটনার খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মইনুদ্দিন চিশতী নামে একজনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
থানা পুলিশ সূত্র জানায়, আইপিএল খেলার হারজিত নিয়ে চা দোকানি ফারুক ও ফয়সাল নামে এক যুবকের সঙ্গে কাটাকাটি হয়। এর জের ধরে ফয়সাল দলবল নিয়ে প্রথমে ফারুকের চা দোকানে এবং পরবর্তীতে বাসায় হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাতে থাকা লাঠিসোটা ও তাদের উপর্যুপরি কিলঘুষির আঘাতে ফারুক ও তার বোন জেসমিন আহত হয়। আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুককে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থল পরিদর্শনকারী হাটহাজারী থানার এসআই জাহাঙ্গীর বলেন, মঙ্গলবার রাত ১১টা থেকে ১টার মধ্যে আমান বাজারের জয়নাব ক্লাবের পশ্চিম পাশে নাজিম কলোনির ভাড়া বাসায় ফয়সাল ও ফারুক নামের দুই যুবকের মধ্যে মারামারি হয়। মূলত আইপিএল খেলা নিয়ে এ ঘটনা ঘটে। তবে ঘটনার মূল হোতা ফয়সালকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।
এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, তুচ্ছ ঘটনা তথা আইপিএল খেলা নিয়ে কথা কাটাকাটির জেরে ফারুক নামে চা দোকানি পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের আটকের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলা তদন্ত করে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।







